কেমন আছো ?
এখনো কি তোমার চুলগুলো থাকে আগোছালো,
এখনো কি তুমি সেই আগের মতই এলোমেলো ?
একদিন, দু'দিন, এক সপ্তাহ, দু'সপ্তাহ;
এমনি করে সাতটি বছর কেটে গেল !
কতদিন তোমায় দেখিনি,
এতো চেনা তুমি মুহূর্তেই অচেনা হয়ে যাবে ;
কখনো ভাবিনি ।
কি অদ্ভূত সুন্দর ছিল সেইসব দিনগুলো !
স্বপ্নগুলো আজও জীবন্ত ,
"মেয়ে হলে বন্যা
আর ছেলে হলে প্রান্ত" ।
থাক সে সব অতীতের কথা
এবার তোমার কথা বলো,
কেমন আছো তুমি ?
শুনেছি এখনো একাই আছো,
মাঝে মাঝে শুভদার দোকানে আসো,
তাইত বার বার শুভদার কাছে ছুটে যেতাম;
তোমার কথা জানতে চাইতাম,
আর হতাশ হয়ে ফিরে আসতাম ।
যখন আমার জিজ্ঞাসু চোখের প্রত্যুত্তরে শুভদার আনত নয়ন বুঝিয়ে দিত,
একটিবারও জানতে চাওনি তুমি,
কেমন আছি আমি ?
কেন জানতে চাওনি !
আমি অন্য পুরুষের বাহুতে নিজেকে সমর্পণ করেছি বলে,
প্রাচুর্য্যের দেয়ালে ঘেরা বাড়ীতে আমার বসবাস বলে !
তবে কি তুমি আমায় ঈর্ষা করো ?
তোমার মনে কি তবে আজ প্রশ্ন জাগে ,
আমি বড় না তুমি বড় ?
এই তুমি কি সেই তুমি ?
আমার এতটুকু ব্যর্থতা এতটুকু কষ্ট যার সইত না ,
থাক এসব কথা;
তুমি কেমন আছো বলো ?
আজ আমার সেই কাঙ্ক্ষিত জিনিসটি আছে,
যার দরকার ছিল সাতটি বছর আগে ।
সাদা থান গায়ে জড়াবার পরে
আমি অর্ধ-স্বাধীন,
বাবা মারা যাবার পর
আমি মুক্ত বিহঙ্গ,
নই আর পরাধীন ।
স্বামীর মৃত্যুতে অসহায় হয়েছি বটে,
তবে সেই অনাকাঙ্খিত মৃত্যু স্বস্তি দিয়েছে আমাকে ।
বাবা বিয়ে দিয়েছিলেন বড় ঘর দেখে,
বিয়ে দিয়েছিলেন অর্থ,খ্যাতি আর প্রতিপত্তির সাথে ।
তার মাঝে চাপা পরা আস্ত এক জানোয়ার,
দমবন্ধ করা সেইসব দিন গুলোর কথা নাই বা বলি তোমায় আর।
এখন আমি অনেক ভাল আছি,
ইচ্ছে মতন তোমায় ভালোবাসি ।
কারো বাহুতে আর অনিচ্ছাকৃত দেহ সমর্পণ করতে হয়না,
দেহ না পেলে মারে না কোন হায়না ।
শরীর তার কুমারিত্ব হারিয়েছে কিন্তু মনটা সেই আগের মতই আছে।
সেই তোমারই আছে
সাতটি বছর আগে যেমন ছিল
কেউ ছুঁতে পারেনি একবারও ।
অনেক কথা বলা হয়ে গেল,
তুমি ভাল আছো কিনা বল ?
এখনো কি তুমি খুব ভোরে
আমার জন্য শিউলি ফুল কুঁড়াও ?
এখনো কি তুমি আমার নামে
মুক্ত আকাশে লাল ঘুড়ি ওড়াও ?
থাক কিছু বলোনা
আমি জানতে চাইনা ।
ভয় হয়, যদি উত্তর পাই
আমার কথা তোমাকে আর ভাবায় না ।
থাক সেসব কথা,
আর বাড়াবোনা তোমার ব্যথা ।
তুমি ভালো থেকো
নিজের খেয়াল রেখো ।
মাঝে মাঝে মসজিদের পাশের
সেই বাঁশঝাড়ে এসো ।
আমার পাশে বসো,
আমায় একটু ছুঁয়ে দিও,
তৃষ্ণার্ত আমায় একটু তৃপ্ত করো ;
আমি তোমার অপেক্ষায় থাকব ।
তুমি ভালো থেকো ।
ইতি
তোমার সমাপ্তি ।।
No comments:
Post a Comment