এসো ...।
হাতটা ধরো,
কোথায় যাবো আমরা ?
সুখের নীড়ে, আমার সৃজিত সংসারে ।
সেতো "তোমার" !
যা আমার তা কি তোমার নয়? আমি মানেই তো তুমি । তুমি আমার ছায়া, আমার অর্ধাঙ্গীনি ।
অর্ধাঙ্গীনি কি করে ছায়া হয় ?
আর যা তোমার তাই তাও আমার নয় ।
তোমার-আমার মিলেই আমাদের হয় ।
ছায়াতে মানুষেতে কি আর ভালোবাসা হয় ?
ছায়া বাঁচে দয়া আর করুণায়।
তাই আমিতো ছায়া হতে চাই না।
মানুষ হয়ে তোমার হাতে হাত রেখে পায়ে পা মিলিয়ে এই তোমারই পাশে তোমাকে ভালোবেসে একসাথে পথ চলতে চাই ।
আদতে তার কোন প্রয়োজন আছে কি ? আমিই তো তোমার পথের দিশারী । আমার আলোয় আলোকিত হবে তুমি ।
জানোতো, চাঁদ বাঁচে সূর্যের দয়ায়,
সূর্যের দয়া ছাড়া অন্ধকার সেই চাঁদের কথা কেই বা জানতে চায় ?
তোমার আলোয় না হয় ক্ষণিকের জন্যে নিজেকে আলোকিত করলাম,
কিন্তু সে আলো ব্যতীত আমি যে অন্ধকারে দিশেহারা হয়ে কাঁদবো, তাই নিজের আলোয় আমার আলোকিত হওয়া চাই ।
জানোতো?
দুটি আলোকিত হৃদয়েরই কেবল হৃদ্যতা হয়, আর সেই হৃদ্যতা থেকেই হয় ভালোবাসা ।
আধাঁরে আর আলোতে যে সম্পর্ক ?
তা হতে পারে দয়ার, করুণার, শোষক-শাষিত কিংবা প্রভূ-ভৃত্যের ;
আমরা প্রায়শই তা প্রেম ভেবে ভুল করি ।
একার আলিঙ্গনে কি আর প্রেম হয় !
তাই তোমার এই আলোকিত হৃদয়টিকে ভালোবাসতে হলে আমার হৃদয়খানি আলোকিত করার যে বড় বেশী প্রয়োজন ।।