হঠাৎ আলমারির কোণ থেকে বেরিয়ে এলো বহুদিন পরা হয় না এমন একটি পোষাক, একসময় হয়ত এটিই ছিলো সবচাইতে পছন্দের পোষাক। সময়ের সাথে সাথে পোষাক তার যুগোপযোগিতা হারিয়েছে, আলমারির উপরের তাক থেকে ধীরে ধীরে সে অকেজোদের দলে চলে এসেছে ।
কিন্তু অকস্মাৎ চোখে পরে যাওয়া পোশাকটি যখন স্পর্শ করা হলো তখন হয়তো মনের অজান্তেই মুখে হাসি ফুটে উঠলো, কিংবা গাল বেয়ে টপ টপ করে ফোঁটা ফোঁটা জল গড়িয়ে পরতে লাগলো। একটা পোষাক কত শত স্মৃতি মনে করিয়ে দিল। হয়ত এই পোশাকটিই ছিলো বহু বছর আগে "তার" সাথে প্রথম দেখা হওয়ার সেই দিনটির পোশাক, কিংবা শিক্ষাজীবনের শেষ দিনটিতে পরা পোষাক, বা এই পোশাকটিই হয়তো "তার" সাথে কাটানো শেষ ক্ষণটির স্মৃতি। এমন আরো কত কি'ইতো হতে পারে ।
আমরা মানুষেরা বোধহয় কখনই কোন স্মৃতি ভুলে যাই না। নিজের মাঝে ভুলে থাকার একটা অভ্যাস গড়ে তুলি মাত্র। আর তাই তো অনেক চেষ্টা সত্ত্বেও অনেক সময় অনেক স্মৃতি আমরা মনে করতে পারি না, আবার কখনো কখনো অবেলায় অনাকাঙ্ক্ষিত কত স্মৃতিই না মনে পরে যায়। আমাদের স্মৃতি গুলো লুকিয়ে থাকে আমাদের চারপাশে।
দূর থেকে ভেসে আসা বছর কয়েক না শোনা কোন গানের সুর আচমকাই মনকে বিমোহিত করে তোলে। মনে পরে যায় হারিয়ে যাওয়া হাজারো সুখো-স্মৃতির কথা। কষ্টগুলো হৃদয় নিংড়ে অশ্রু হয়ে উপচে পরে। এমনি ভাবে কখনো কখনো কোন গানের কলি বা কবিতা মনে করিয়ে দেয় হারিয়ে যাওয়া অনেক স্মৃতি। এমনকি অপরিচিত কোন সুগন্ধীও, হঠাৎ মনে করিয়ে দেয় কোন এক পরিচিত জনের স্মৃতি। আবার কখনো কখনো কোন মুহূর্তও মনে করিয়ে দেয় হারানো কোন এক মুহূর্তের কথা।
আমরা স্মৃতি ধারণ করি, কিন্তু স্মৃতি বয়ে চলি না। তাই আপাতপক্ষে আমরা অকপটেই আমাদের কোন আপনজনকে, কোন মুহূর্তকে ভুলে থেকে ভালো থাকার কথা বললেও; আদৌ আমরা ভালো থাকি কি ?

No comments:
Post a Comment