Wednesday, June 15, 2022

ইচ্ছে

মাঝে মাঝে বাড়ি ফিরতে ইচ্ছে হয় না,

আবার, একেবারে হারিয়ে যেতেও ইচ্ছে হয় না । 


মনে হয় যেনো আমি থাকি সবার মাঝেই,

কিন্তু কেউ আমায় না খুঁজুক

কেউ জিজ্ঞেসা না করুন, আমি কেমন আছি। 

আমার মনের কথা, গুমরে থাকা হৃদয় আর্তনাদ, 

গুমোট মনাকাশের ব্যথা কেউ না বুঝুক  ।। 


মাঝে মাঝে ইচ্ছে হয় না পৌঁছুতে কোনো গন্তব্যে 

আবার ইচ্ছে হয় না উদ্দেশ্যহীন পাদচারী হতেও,


ইচ্ছে করে ভাবলেশহীন পদব্রাজক হয়ে

নিজের মনের এ কিনারা থেকে ও কিনারায় ছুটে বেড়াই,

কেউ হুট করে জানতে চেয়ে না বসুক,

''কি এমন ভাবো তুমি ? 

কে এমন তোমায় ভাবায় ?''


মাঝে মাঝে বাড়ি ফিরতে ইচ্ছে হয় না,

মনে হয়, 

এই যে রিক্সা-বাস-রেলগাড়ি আমায় নিয়ে ছুটছে,

ছুটুক না তার যত ইচ্ছে, 

বেলা ফুরিয়ে গেলেও,

আমার যাত্রা ফুরিয়ে না যাক। 


অন্তকালের পদব্রাজক হয়ে,

ভাবলেশহীন আবেগে

আমি ঘুরে বেড়াতে চাই 

নিলীন হয়ে যেতে চাই,

উদ্দেশ্যহীন যাত্রায় ।। 

No comments:

মায়ের মানসের অনাময

ধরুন সকালে ঘুম ভাঙ্গা থেকে আরম্ভ করে ঘুমুতে যাবার সময় পর্যন্ত, এবং পুরো ঘুমের সময়টাতেও আপনি অনুভব করলেন কেউ আপনার পেছনে লেজের মতন করে একটা দ...